অধ্যায়ঃ তিন ( বল )
সহজ ভাষায় অ্যানিমেটেড কনসেপ্ট ও গাণিতিক ব্যাখ্যা
⚡ বল ও নিউটনের গতির প্রথম সূত্র
বল প্রয়োগই হলো শক্তি প্রয়োগ। নিউটনের প্রথম সূত্রে প্রথমবার "বল" শব্দটা ব্যবহার করা হয়েছে।
নিউটনের গতির সূত্র হচ্ছে তিনটি।
নিউটনের গতির প্রথম সূত্র থেকে দুইটি বিষয়ে ধারণা পাওয়া যায়:
- জড়তা ও
- বল
পদার্থের যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়া প্রবণতা বা ধর্মকে জড়তা বলে।
- ভর বেশি হলে জড়তা বেশি হয়। জড়তা বেশি হলে পদার্থের দিক পরিবর্তন করা বা নড়াচড়া করা কঠিন হয়।
- ভর কম হলে জড়তা কম হয়। জড়তা কম হলে পদার্থের দিক পরিবর্তন করা বা নড়াচড়া করা সহজ হয়।
স্থির আর গতিশীল ধর্মের উপর ভিত্তি করে বলা যায়, জড়তা দু'প্রকার:
- (i) স্থিতি জড়তা (Inertia of rest) এবং
- (ii) গতি জড়তা (Inertia of motion)
স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, বস্তুর এ প্রবণতা বা ধর্মকে স্থিতি জড়তা বলে।
স্থিতি জড়তার উদাহরণ:
- বাস স্থির অবস্থা হতে হঠাৎ চলতে শুরু করলে, যাত্রীরা পিছনের দিকে হেলে পড়েন। বাস যখন স্থির অবস্থায় থাকে তখন যাত্রীর শরীরও স্থির অবস্থায় থাকে। বাস চলতে শুরু করলে যাত্রীর শরীরের যে অংশ বাসের সাথে লেগে থাকে অর্থাৎ শরীরের নিম্নভাগ বাসের গতিপ্রাপ্ত হয়। কিন্তু শরীরের উপরের অংশ স্থিতি জড়তার জন্য স্থির অবস্থায় থাকতে চায়। তাই শরীরের নীচের অংশ শরীরের উপরের অংশের তুলনায় এগিয়ে যায়। ফলে শরীরের উপরের অংশ পিছনে হেলে পড়ে এবং যাত্রীদের শরীর পিছনে হেলে পড়ছে বলে মনে হয়।
- ক্যারাম খেলার সময় স্থিতি জড়তার আরো একটি বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়। লক্ষ্য করলে দেখা যায় একটি গুটির উপর যখন অন্য একটি গুটি থাকে তখন খুব জোরে স্ট্রাইকার দিয়ে আঘাত করলে নিচের গুটিটা সরে যায়, উপরের গুটিটা স্থিতি জড়তার কারণে নিজের অবস্থানে স্থির থাকে এবং নিচের গুটির স্থান দখল করে।
গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্মকে গতি জড়তা বলে।
গতি জড়তার উদাহরণ:
- বাস গতিশীল অবস্থা হতে হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন। বাস যখন গতিশীল অবস্থায় থাকে তখন যাত্রীর শরীরও গতিশীল অবস্থায় থাকে। বাস হঠাৎ ব্রেক কষলে, যাত্রীর শরীরের যে অংশ বাসের সাথে থাকে অর্থাৎ শরীরের নিম্নভাগ বাসের সাথে স্থির অবস্থা প্রাপ্ত হয়। কিন্তু শরীরের উপরের অংশ গতি জড়তার জন্য গতিশীল অবস্থায় থাকতে চায়। তাই শরীরের নীচের অংশ শরীরের উপরের অংশের তুলনায় পিছিয়ে পড়ে। ফলে শরীরের উপরের অংশ সামনে ঝুঁকে পড়ে এবং শরীর সামনের দিকে ঝুঁকে পড়ছে বলে মনে হয়।
- রিকশায় চড়ার পর লক্ষ্য করলে দেখা যায় রিকশাওয়ালা মাঝে মাঝেই প্যাডেল করে একটু বিশ্রাম নেন। প্যাডেল না করলেও এ সময় রিকশা এগিয়ে যায় গতি জড়তার জন্য এবং রিকশার গতিশীলতা পরবর্তী প্যাডেল করার আগ পর্যন্ত অব্যাহত থাকে।
যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করে বা করতে চায় অথবা যা গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায় তাই হচ্ছে বল।
বলের প্রকৃতি দুই ধরনেরঃ (১) স্পর্শ বল ও (২) অস্পর্শ বল।
🧲 বলের প্রকারভেদ ও মৌলিক বল
(i) স্পর্শ বলঃ যে সকল বল প্রয়োগের জন্য বস্তুর সংস্পর্শ প্রয়োজন হয় তাকে স্পর্শ বল বলে। অর্থাৎ যে বল সৃষ্টির জন্য দুইটি বস্তুকে প্রত্যক্ষ সংস্পর্শে আসতে হয় তাকে স্পর্শ বল বলে।
স্পর্শ বল আবার বিভিন্ন প্রকারের হতে পারে, যেমনঃ টান বল, ঘর্ষণ বল, সংঘর্ষ বল। একটি ইলাস্টিককে টানা হচ্ছে—এটি হচ্ছে টান বল। একটি বাক্সকে মেঝের উপর দিয়ে টানা হচ্ছে, ফলে মেঝে এবং বাক্সের যে তল মেঝের সংস্পর্শে লাগানো তাদের মধ্যে ঘর্ষণ বলের সৃষ্টি হচ্ছে যা বাক্সটির গতির বিরুদ্ধে কাজ করছে।
(ii) অস্পর্শ বলঃ যে বল সৃষ্টির জন্য দুইটি বস্তুকে প্রত্যক্ষ সংস্পর্শে আসতে হয় না তাকে অস্পর্শ বল বলে। দু'টি কণার মধ্যবর্তী বল মহাকর্ষ বল। দু'টি আহিত বস্তুর মধ্যবর্তী বল তড়িৎ বল, একটি চুম্বক এবং একটি চৌম্বক পদার্থের মধ্যে ক্রিয়াশীল বল চৌম্বক বল।
- সাম্য বলঃ যদি বলের লব্ধি শূন্য হয় তখন তাকে সাম্য বল বলে।
- অসাম্য বলঃ যদি বলের লব্ধি শূন্য না হয় তখন তাকে অসাম্য বল বলে।
যেসব বল স্বাধীন বা নিরপেক্ষ যা অন্য কোন বলের উপর নির্ভর করে না বরং অন্যান্য বলগুলো এদের ওপর নির্ভর করে, তাকে মৌলিক বল বলে।
প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল চারটি। যথাঃ
- মহাকর্ষ বলঃ সৃষ্টি জগতে সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে সেই বল হচ্ছে মহাকর্ষ বল।
- তড়িৎ চুম্বকীয় বলঃ দুটির চার্জ বা আহিত বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে তাকে তড়িৎ বল এবং দুটি চুম্বকের মধ্যে যে বল ক্রিয়া করে তাকে চৌম্বক বল বলে। তড়িৎ বল এবং চৌম্বক বল সংযুক্ত অবস্থায় যে বল সৃষ্টি করে তাকে তড়িৎ চৌম্বক বল বলে।
- সবল নিউক্লিয় বলঃ পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিয়নের যেমন প্রোটন ও নিউট্রন গুলোর মধ্যে যে প্রবল আকর্ষণ বল বিদ্যমান তাকে সবল নিউক্লিয় বল বলে।
- দুর্বল নিউক্লিয় বলঃ যে স্বল্প পাল্লার ও স্বল্প মানের বল নিউক্লিয়াসের মধ্যে মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে অনেক নিউক্লিয়াসের অস্থিতিশীলতার উদ্ভব ঘটায় তাকে দুর্বল নিউক্লিয় বল বলে।
| মৌলিক বল | পাল্লা বা সীমা |
|---|---|
| মহাকর্ষ বল | অসীম |
| তড়িৎ চুম্বকীয় বল | অসীম |
| সবল নিউক্লিয় বল | $10^{-15}\text{ m}$ |
| দুর্বল নিউক্লিয় বল | $10^{-16}\text{ m}$ এর চেয়েও কম |
কোন বস্তুর ভর ও বেগের গুণফলকে এর ভরবেগ বলে। মনে করি, একটি বস্তুর ভর $= m$ এবং বেগ $= v$।
খুব অল্প সময়ের জন্য বড় মানের যে বল প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে। যেমন: ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাত করা।
💥 বলের ঘাত ও বস্তুর উপর বলের প্রভাব
কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। একে প্রকাশ করা হয় $J$ দ্বারা।
- বল প্রয়োগের ফলে স্থিতিশীল বস্তু গতিশীল হতে পারে: ফুটবল খেলার মাঠে খেলা শুরু হয় কি ভাবে? প্রথমে, একজন খেলোয়াড় ফুটবলটিকে কিক করে। কিক করার সাথে সাথে কি ঘটে? ফুটবলটিকে যে দিক বরাবর কিক করা হয়, ফুটবলটি সে দিকে গড়াতে শুরু করে। অর্থাৎ ফুটবলটি স্থির অবস্থা হতে ত্বরণ লাভ করে গতিশীল হয়।
- বল প্রয়োগের ফলে গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি হতে পারে: একটি গড়ানো ফুটবল যেদিকে গড়াচ্ছে সেদিক বরাবর কিক করলে কি ঘটে? এটি আরো জোড়ে গড়াতে শুরু করে। এক্ষেত্রে ফুটবলটির গতি বৃদ্ধি পেয়েছে।
- বল প্রয়োগে গতিশীল বস্তুর বেগ হ্রাস পায়: চলমান সাইকেলকে টেনে ধরলে কি হয়? এর গতি কমে যায় অর্থাৎ বল প্রয়োগে বস্তুর বেগ হ্রাস পায়।
- বল প্রয়োগে গতিশীল বস্তুর বেগের দিক পরিবর্তন হতে পারে: ক্রিকেট খেলার সময় একজন ব্যাটসম্যান বল যে দিকে গতিপ্রাপ্ত হয়ে ধাবমান হয়, তার বিপরীত দিকে ব্যাট দ্বারা বলকে আঘাত করে। ব্যাট দ্বারা আঘাত করার পর বলটির বেগের মান ও দিক উভয়েই পরিবর্তন হয়। বলটি যেদিকে ধাবমান ছিল ব্যাট দ্বারা আঘাতের পর এটি অন্য দিকে ধাবিত হয়।
বল প্রয়োগ করলে কিছু কিছু বস্তুর আকারের পরিবর্তন হয়। এ বস্তুগুলোর মধ্যে রয়েছে, বিভিন্ন পানীয়র টিনের ক্যান, টিন জাতীয় বস্তু, প্লাস্টিকের বোতল, প্লাস্টিক জাতীয় বস্তু, রাবার ব্যান্ড ইত্যাদি। টিন বা প্লাস্টিকের পানীয় বহনকারী বোতলকে হাত দিয়ে জোড়ে চেপে ধরলে এটি আকার পরিবর্তন করে (বস্তুর আকারের উপর বলের প্রভাব)। আবার রাবার ব্যান্ডের দু'প্রান্ত ধরে টেনে এটি লম্বা করা যায়। যখন এটি লম্বা হয় তখন এর দৈর্ঘ্য বৃদ্ধি পায় আর এটি সরু হয়ে যায়। অর্থাৎ এর আকারের পরিবর্তন হয়। কখনো কখনো এ আকারের পরিবর্তন ক্ষণস্থায়ী, আবার কখনো কখনো এ পরিবর্তন স্থায়ী হয়। যেমন: পানীয় বহনকারী টিন বা প্লাস্টিকের ক্যান হাত দিয়ে জোরে চেপে ধরে দুমড়ে-মুচড়ে ফেললে, দেখা যায়, এটি স্থায়ীভাবে আকার পরিবর্তন করেছে। আবার প্লাস্টিকের বোতলকে হাত দিয়ে হালকা চাপ দিলে এটি আকারের সামান্য পরিবর্তন করে, আবার ছেড়ে দিলে এটি আগের আকার ধারণ করে।
📐 নিউটনের দ্বিতীয় সূত্র: $F = ma$ নির্ণয়
ধরি, একটি বস্তুর ভর $m$ এবং আদিবেগ $u$। এখন, $m$ ভরবিশিষ্ট বস্তুটির উপর $F$ ধ্রুব বল বস্তুটির বেগের অভিমুখে $t$ সময় ধরে প্রয়োগ করলে বস্তুটি বেগের পরিবর্তন করে। ধরি, বল প্রয়োগ করার ফলে বস্তুর বেগের পরিবর্তন হয়। ফলে বস্তুটির বেগ $u$ হতে পরিবর্তিত হয়ে $v$ হয়।
এখানে, $k$ একটি সমানুপাতিক ধ্রুবক, এর মান বলের এককের উপর নির্ভর করে। এ সমীকরণ থেকে বলের এককের সংজ্ঞা পাওয়া যায়। আমরা জানি, বলের একক নিউটন ($\text{N}$)।
সমাধানঃ যে পরিমাণ বল $1\text{ kg}$ ভরের কোন বস্তুর উপর ক্রিয়া করে $1\text{ ms}^{-2}$ ত্বরণ সৃষ্টি করতে পারে, তাকে $1\text{ N}$ বলে। আমরা জানি, $F = ma = 1 \times 1 = 1\text{ N}$।
🔄 নিউটনের তৃতীয় সূত্র — ক্রিয়া ও প্রতিক্রিয়া বল
সুতরাং নিউটনের তৃতীয় সূত্রানুসারে, যদি একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে, তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর উপর একটি সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। চিত্রে, যদি একটি বস্তু $P$ অন্য একটি বস্তু $Q$ এর উপর $F_1$ বল প্রয়োগ করে তখন $Q$ বস্তুটিও নিউটনের তৃতীয় সূত্রানুসারে $P$ বস্তুর উপর সমান কিন্তু বিপরীতমুখী বল $F_2$ প্রয়োগ করবে। এখানে $P$ বস্তু কর্তৃক $Q$ বস্তুর উপর প্রযুক্ত বলকে ক্রিয়া বল (Action force) এবং $Q$ বস্তু কর্তৃক $P$ বস্তুর উপর প্রযুক্ত বলকে প্রতিক্রিয়া বল (Reaction force) বলে।
মাটির উপর দাঁড়িয়ে থাকলে মানুষটি স্থির থাকে। কারণ, মানুষটির ওজনের সমান একটি বল নীচের দিকে মাটির উপর ক্রিয়া করে। নিউটনের তৃতীয় সূত্রানুসারে, মাটিও নীচ হতে মানুষটির উপর বল প্রয়োগ করে। এখানে, মানুষটির ওজন ও মাটি দ্বারা প্রযুক্ত প্রতিক্রিয়া বল পরস্পর সমান ও বিপরীত হওয়ায় সাম্যের সৃষ্টি করে। মানুষ দ্বারা মাটির উপর প্রযুক্ত বল ক্রিয়া বল এবং মাটি মানুষটির উপর যে বল প্রয়োগ করে তা প্রতিক্রিয়া বল।
মাটির উপর হাঁটার সময় পেছনের পা দ্বারা মাটির উপর একটি তির্যকভাবে বল প্রয়োগ করা হয়। এ হলো ক্রিয়া বল। নিউটনের তৃতীয় সূত্রানুসারে, মাটির এই বলের বিপরীতে একটি সমান প্রতিক্রিয়া বল সৃষ্টি করে পায়ের উপর ক্রিয়া করে। ফলে মানুষটি রাস্তার উপর দিয়ে ভারসাম্য রেখে হাঁটতে সক্ষম হয়।
আরোহী নৌকা হতে লাফিয়ে তীরে নামলে, নৌকাটি পেছনে চলে যায়। কারণ আরোহী লাফ দেবার সময় নৌকার উপর বল প্রয়োগ করে ফলে নৌকাটি পিছনে সরে যায়। নৌকাটি নিউটনের তৃতীয় সূত্রানুসারে, আরোহীর উপর একটি সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে যা আরোহীকে সামনের তীরের দিকে লাফিয়ে পড়তে সাহায্য করে।
সংঘর্ষ: কোনো একটি গতিশীল বস্তু যখন অন্য কোনো একটি গতিশীল বস্তুকে ধাক্কা দেয়, তখন বস্তু দু'টির মধ্যে সংঘর্ষ হয়েছে বলা হয়।
ভরবেগের সংরক্ষণ সূত্রঃ একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোন বল প্রয়োগ না করলে এদের নির্দিষ্ট দিকে ভরবেগের কোন পরিবর্তন হবে না।
🎱 ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক প্রমাণ ও সংঘর্ষ
ধরা যাক $m_1$ ও $m_2$ ভরবিশিষ্ট দুইটি বস্তু $A$ ও $B$ যথাক্রমে $u_1$ এবং $u_2$ বেগ নিয়ে একই সরলরেখা বরাবর চলছে। $A$ এর বেগ $B$ এর বেগের চেয়ে বেশি হলে ($u_1 > u_2$) কোনো এক সময় $A$ বস্তুটি $B$ বস্তুটিকে ধাক্কা দিবে। $B$ বস্তুর উপর $A$ বস্তুর প্রযুক্ত বল হলো ক্রিয়া $F_1$ এবং $B$ বস্তুটিও $A$ বস্তুটিকে $F_2$ বল প্রয়োগ করবে—এই $F_2$ বল হলো প্রতিক্রিয়া। নিউটনের গতির তৃতীয় সূত্রানুসারে $F_2 = -F_1$।
সংঘর্ষের সময় ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই সময়ব্যাপী কাজ করে। ধরা যাক, ক্রিয়া ও প্রতিক্রিয়ার সময়কাল $t$। সংঘর্ষের পর বস্তু দুইটি পরিবর্তিত বেগে একই সরলরেখায় চলতে থাকবে। ধরা যাক $A$ ও $B$ এর পরিবর্তিত বেগ যথাক্রমে $v_1$ ও $v_2$। ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে $A$ ও $B$ বস্তু দুইটির ত্বরণ যথাক্রমে $a_1$ ও $a_2$ হলে,
দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একটির উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে, তবে বস্তু দু'টির স্পর্শতলে একটি বাধার উৎপত্তি সৃষ্টি হয়, এ বাধাকে ঘর্ষণ বলে। আর যে বল গতিশীল বস্তুটির গতির পথে বাধা সৃষ্টি করে, তাকে ঘর্ষণ বল বলে।
⚙️ ঘর্ষণের উৎপত্তি ও প্রকারভেদ
আমরা জানি যে, যখন একটি বস্তুর তল অপর বস্তুর তলের উপর দিয়ে গতিশীল হয়। তখন প্রত্যেক বস্তু একে অপরের উপর ঘর্ষণ বল প্রয়োগ করে। এখন এ ঘর্ষণ বলের উৎপত্তি হয় কিভাবে? প্রত্যেক বস্তুরই তল রয়েছে। খালি চোখে এ তলগুলোকে যতই মসৃণ দেখাক না কেন, কোন বস্তুই সম্পূর্ণ মসৃণ হতে পারে না। অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলে এর উঁচুনিচু খাঁজগুলি দেখা যায়। ফলে যখন একটি বস্তু অপর বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে তখন বস্তু দুটির খাঁজগুলো একে অপরের সাথে আটকে যায়। ফলে একটি তলের উপর দিয়ে অপর তলের গতি বাধাগ্রস্ত হয়। বস্তুগুলির তল যত অমসৃণ হবে অর্থাৎ তলের উঁচুনিচু খাঁজ যত বেশি এবং গভীর হবে, এক তলের উপর দিয়ে অপর তল চলার সময় তত বেশি বাধাগ্রস্ত হবে। ফলে ঘর্ষণ বলের মানও বেড়ে যাবে। স্পর্শতলের মধ্যকার এ বাধাকে অতিক্রম করতে পারলে তবেই বস্তুটি গতিশীল হবে। ঘর্ষণের ফলে তলের উপর দিয়ে চলমান বস্তুটির গতি বাধাগ্রস্ত হয় এবং অবশেষে থেমে যায়।
ঘর্ষণ সাধারণত তিন প্রকার হয়: (১) স্থিতি ঘর্ষণ, (২) গতি ঘর্ষণ ও (৩) আবর্ত ঘর্ষণ। (এছাড়াও প্রবাহী ঘর্ষণ রয়েছে)।
দুটি বস্তুর তল পরস্পরের সংস্পর্শে থেকে একটির সাপেক্ষে অপরটি গতিশীল না হলে, এদের মিলন তলে যে ঘর্ষণের সৃষ্টি হয়, তাকে স্থিতি ঘর্ষণ বলে। যেমন একটি ভারী বাক্সকে বল প্রয়োগ করার পরও যদি এটি স্থান পরিবর্তন না করে অর্থাৎ গতিশীল না হলে যে ঘর্ষণ বলের উৎপত্তি হয়, তাকে স্থিতি ঘর্ষণ বল বলে।
যখন একটি বস্তু অন্য একটি বস্তুর তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘেষে চলে বা চলতে চেষ্টা করে তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে গতি ঘর্ষণ বলে। গাড়ি রাস্তার উপর দিয়ে চলার সময় হার্ড ব্রেক করলে, হার্ড ব্রেক করার পরও গাড়িটি কিছুদূর এগিয়ে যাওয়ার পর বা কিছুটা দূরত্ব অতিক্রম করার পর থামে।
যখন একটি বস্তু অন্য একটি বস্তুর তলের উপর দিয়ে গড়িয়ে চলে তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে আবর্ত ঘর্ষণ বলে। আধুনিক সকল সুটকেসে বা লাগেজে চাকা লাগানো থাকে। চাকা লাগানোর ফলে সুটকেস বা লাগেজকে সহজে আমরা চাকার সাহায্যে মেঝের উপর দিয়ে একস্থান থেকে অন্যস্থানে নিতে পারি। চাকা না লাগানো থাকলে সুটকেস বা লাগেজকে একস্থান থেকে অন্যস্থানে নেয়া কষ্টসাধ্য হয়ে যেত। এ ঘটনা থেকে বোঝা যায়, পিছলানো ঘর্ষণের জন্য যে বল গতির বিরুদ্ধে সৃষ্টি হয় তার মান আবর্ত ঘর্ষণের জন্য সৃষ্ট বলের মানের চেয়ে বেশি। সাইকেলের চাকার গতি, মার্বেলের গতি আবর্ত ঘর্ষণের উদাহরণ।
যখন কোনো বস্তু যেকোনো প্রবাহী পদার্থ যেমন- তরল বা বায়বীয় পদার্থের মধ্যে প্রবাহিত হয় বা গতিশীল থাকে বা যখন কোনো তরল বা বায়বীয় পদার্থের গতিপথে কোনো স্থির বস্তু রাখা হয়, তখন উভয়ের মধ্যে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে প্রবাহী ঘর্ষণ বলে। জাহাজ পানিতে চলার সময় একটি বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায়, আবার পুকুরে সাঁতার কাটার সময় পুকুরের পানির মধ্য দিয়ে একটি বাধাকে অতিক্রম করে সামনের দিকে এগুতে হয় আর এ বাধাই প্রবাহী ঘর্ষণ। বৃষ্টির পানি বাতাসের মধ্য দিয়ে পড়ার সময় প্রবাহী ঘর্ষণের উৎপত্তি হয়।
🛞 গতির উপর ঘর্ষণের প্রভাব (Effect of friction on motion)
বস্তুর গতি নির্ভর করে টায়ার পৃষ্ঠের মসৃণতার উপর। গাড়ির টায়ার এবং রাস্তার মধ্যে ঘর্ষণের কারণেই গাড়ি রাস্তার উপর দিয়ে চলাচল করে। ঘর্ষণ না থাকলে গাড়ি চলাচল করতে পারত না। ঘর্ষণ বলের মান নির্ভর করে টায়ার-এর পৃষ্ঠ এবং রাস্তার তলের মসৃণতার উপর। গাড়ির ওজনের উপরও ঘর্ষণের মান নির্ভর করে। গাড়ির টায়ারের উপরের পৃষ্ঠে বিভিন্ন ধরনের নকশার দাঁত বা খাঁজ কাটা থাকে। দাঁত বা খাঁজ থাকার কারণে টায়ারের উপরের পৃষ্ঠ মসৃণ না হয়ে উঁচু নিচু হয়। নতুন অবস্থায় টায়ারের দাঁত বা খাঁজগুলো প্রকট থাকে অন্যদিকে টায়ার যত ব্যবহার করা হয়, রাস্তা ও টায়ারের ঘর্ষণের ফলে দাঁত বা খাঁজগুলোর প্রকটতা কমে যায়। ফলে নতুন অবস্থায় টায়ার ও রাস্তার মধ্যে ঘর্ষণ বল সর্বোচ্চ হয় এবং গতি চালকের নিয়ন্ত্রণে থাকে। পুরাতন অবস্থায় টায়ার এবং রাস্তার মধ্যে ঘর্ষণ বল কমে যায়। ফলে চালক ব্রেক করলেও ঘর্ষণ কম থাকায় প্রয়োজন অনুযায়ী গাড়ি ঠিক জায়গায় ঠিক সময়ে নাও থামতে পারে। একারণেই গাড়ির টায়ার পুরাতন হওয়ার আগে পরিবর্তন করা প্রয়োজন।
বস্তুর গতি রাস্তার মসৃণতার উপরও নির্ভর করে। রাস্তা মসৃণ হলে যানবাহন চলাচল অনেক সহজতর হয় এবং অন্যদিকে যাত্রীদের ভ্রমণ অনেক আরামদায়ক হয়। ঘর্ষণ বলের মান টায়ার এবং রাস্তা উভয়েরই মসৃণতার উপর নির্ভর করে। ঘর্ষণ বলের মান অনেক কমে গেলে নানা ধরনের অসুবিধার সৃষ্টি হতে পারে। যেমন- রাস্তা যদি অধিকতর মসৃণ হয় তবে থামার প্রয়োজনে ব্রেক প্রয়োগ করলেও অনেক সময় গাড়িকে ঠিক জায়গায় থামানো সম্ভব হয় না। ফলে বিপদের আশংকা থাকে। তাই রাস্তাকে খুব বেশি মসৃণ করা ঠিক নয়। রাস্তার মসৃণতা এমন হওয়া উচিত যা প্রয়োজনীয় পরিমাণ ঘর্ষণ বল সৃষ্টি করতে পারে।
ব্রেক করার মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হয়। এটি এমন একটি ব্যবস্থা যার সাহায্যে চাকার ঘর্ষণকে প্রয়োজন অনুযায়ী কমিয়ে ঘর্ষণের পরিমাণ বৃদ্ধি করে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যায়। গাড়ি থামানোর জন্য ব্রেক ব্যবহার করা হয়। গাড়ির সামনের চাকার ধাতব চাকতিকে রোটার আর পিছনের চাকার ধাতব চাকতিকে ড্রাম বলে। ব্রেক পেডেলে যখন বল প্রয়োগ করা হয় তা বিভিন্ন ব্যবস্থাপনার মধ্য দিয়ে ব্রেক প্যাডকে ক্ষিত করে ঘূর্ণায়মান রোটারের সংস্পর্শে আনে এবং তাদের মধ্যে ঘর্ষণ সৃষ্টি করে রোটারের গতি কমিয়ে আনে এবং রোটারকে সম্পূর্ণরূপে থামিয়ে দেয়। অপরপক্ষে পিছনের চাকার ক্ষেত্রে ব্রেক সু ধাতব চাকতির সাথে ঘর্ষণ তৈরী করে চাকার গতিকে কমিয়ে দেয়। এভাবে ব্রেক পেডেলে বল প্রয়োগ করে গাড়ির বেগ হ্রাস করা হয়।
- যে পৃষ্ঠটিতে ঘর্ষণ হয়, সেই পৃষ্ঠটিকে যত সম্ভব মসৃণ করা। মসৃণ পৃষ্ঠে গতি ঘর্ষণ কম।
- তেল মবিল বা গ্রিজ-জাতীয় পদার্থ হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ বা লুব্রিকেন্ট। দুটি তলের মাঝখানে এই লুব্রিকেন্ট থাকলে ঘর্ষণ অনেকখানি কমে যায়।
- চাকা ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। ঘুরন্ত চাকাতে বল বিয়ারিং ব্যবহার করে সরাসরি ঘর্ষণের বদলে ছোট স্টিলের বলগুলোর আবর্তন ঘর্ষণের সাহায্যে ঘর্ষণ অনেক কমানো সম্ভব।
- গাড়ি, বিমান এ ধরনের দ্রুতগামী যানবাহনের ডিজাইন এমনভাবে করা হয়, যেন বাতাস ঘর্ষণ তৈরি না করে স্ট্রিম লাইন করা পৃষ্ঠদেশের উপর দিয়ে যেতে পারে।
- যে দুটি পৃষ্ঠদেশে ঘর্ষণ হয়, তারা যদি খুব অল্প জায়গায় একে অন্যকে স্পর্শ করে তাহলে ঘর্ষণ কমানো যায়।
- ঘর্ষণরত দুটি পৃষ্ঠে লম্বভাবে আরোপিত বল কমানো হলে ঘর্ষণ কমানো যায়।
- যে দুটি তলে ঘর্ষণ হচ্ছে, সেগুলো অমসৃণ বা খসখসে করে তোলা।
- যে দুটি তলে ঘর্ষণ হয়, সেগুলো আরো জোরে চেপে ধরার ব্যবস্থা করা।
- ঘর্ষণরত তল দুটির মাঝে গতিকে থামিয়ে স্থির করে ফেলা, কারণ স্থির ঘর্ষণ গতি ঘর্ষণ থেকে বেশি।
- ঘর্ষণরত তলের মাঝে খাঁজ কাটা বা ঢেউ খেলানো করা। তাহলে এটি তলদেশকে জোরে আঁকড়ে ধরতে পারে।
- বাতাস বা তরলের ঘনত্ব বাড়ানো।
- বাতাস বা তরলে ঘর্ষণরত পৃষ্ঠদেশ বাড়িয়ে দেওয়া।
- চাকা বা বল বিয়ারিং সরিয়ে দেওয়া।
🌍 ঘর্ষণ: একটি প্রয়োজনীয় উপদ্রব ও মহাকর্ষ সূত্র
ঘর্ষণের ফলে আমরা আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন কর্মকান্ডে অসুবিধার সম্মুখীন হই। কিন্তু ঘর্ষণ ছাড়া আমাদের জীবনের কর্মকান্ড স্থবির হয়ে পড়তো। ঘর্ষণের ফলে আমাদের প্রাত্যহিক জীবনের অনেক কর্মকান্ডই অসুবিধার সম্মুখীন হলেও, এটি ছাড়া আমাদের দৈনন্দিন জীবন স্থবির। ঘর্ষণ ছাড়া যে কোনো বস্তুই হয় অবিরাম চলতো অথবা চলতে পারতো না। ঘর্ষণ ছাড়া আগুন জ্বলতো না। আগুন ছাড়া রান্নাসহ দৈনন্দিন জীবনের অনেক কাজই অসম্ভব। ঘর্ষণের কারণে পাকা দালান ও বাড়িঘর নির্মাণ করা সম্ভব হয়েছে। জুতা ও রাস্তার মধ্যে ঘর্ষণের ফলে আমরা হাঁটাচলা করতে পারি। ঘর্ষণের জন্য আমরা গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারি। ঘর্ষণের জন্য আমরা কাগজে লিখতে পারি। ঘর্ষণের কারণে আমরা অনেক অসুবিধার সম্মুখীন হই। বিভিন্ন যন্ত্রের, যন্ত্রাংশের মধ্যে ক্রমাগত ঘর্ষণের ফলে যন্ত্রের আয়ুষ্কাল কমে যায়। যে কোন ধরনের জ্বালানি চালিত যানবাহনকে অতিরিক্ত ঘর্ষণ অতিক্রম করতে হলে জ্বালানি শক্তির অপচয় হয়। আমরা মানুষ চালিত যানবাহনের ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের প্রয়োজন হয় যানবাহনটিকে চালিত করতে। ঘর্ষণের ফলে বিভিন্ন জিনিসপত্র ক্ষয়প্রাপ্ত হয়। ফলে দেখা যায় যে, জীবন যাপনের ক্ষেত্রে যেমন ঘর্ষণের প্রয়োজন অত্যাবশ্যকীয় তেমনি অতিরিক্ত ঘর্ষণের অভিজ্ঞতা ফলে আমরা কিছু অসুবিধার সম্মুখীন হই। এ কারণেই ঘর্ষণকে বলা হয় একটি প্রয়োজনীয় উপদ্রব।
মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে তা নিজের দিকে আকর্ষণ করে। এ আকর্ষণ বলের মান বস্তু দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বল বস্তুর কেন্দ্রদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে।
মনেকরি $m_1$ ও $m_2$ ভরের দুটি বস্তু পরস্পর হতে $d$ দূরত্বে অবস্থিত। বস্তুদ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বল $F$ হলে,
মহাকর্ষের সংজ্ঞাঃ প্রতিটি বস্তুকণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে—মহাবিশ্বে যে কোন দুটি বস্তুকণার মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে। যেমনঃ চন্দ্র-সূর্যের মধ্যে আকর্ষণ।
মধ্যাকর্ষ বা অভিকর্ষ বলঃ পৃথিবী কোনো বস্তুকে যে বলে তার নিজের দিকে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বলে। যেমনঃ পৃথিবীর সাথে চন্দ্রের আকর্ষণ।
অভিকর্ষজ ত্বরণঃ অভিকর্ষজ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। একে $g$ দ্বারা প্রকাশ করা হয়। অভিকর্ষজ ত্বরণের মাত্রা হচ্ছে $[LT^{-2}]$ এবং অভিকর্ষজ ত্বরণের একক হচ্ছে $\text{ms}^{-2}$।

